বন্ধুত্ব শুধু একটি সম্পর্ক নয়, মানবতার সেবায় এক অনন্য অঙ্গীকার আর এ লক্ষ্যেই একদল উদ্যোমী তরুণের হাত ধরে জন্ম নেয় ‘বন্ধু সংঘ ০৭’ । বন্ধুত্বের গল্প সাধারণত স্মৃতি, আড্ডা আর পুরোনো দিনের আবেগ ঘিরেই আবর্তিত হয়। কিন্তু ফুলছড়ি উপজেলার গুনভরি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০০৭-এর একদল বন্ধু সেই চিরচেনা বন্ধুত্বকে রূপ দিয়েছেন মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য উদাহরণে। তাদের গড়ে তোলা সংগঠন “বন্ধু সংঘ ০৭” আজ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে হয়ে উঠেছে আশার প্রতীক।
২০২৪ সালে কয়েকজন উদ্যোগী বন্ধুর স্বপ্ন ও আন্তরিক প্রচেষ্টায় যাত্রা শুরু হয় অলাভজনক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী এই সংগঠনটির। প্রতিষ্ঠার পর থেকেই সদস্যদের স্বেচ্ছা অনুদানে পরিচালিত ‘বন্ধু সংঘ ০৭’ বন্ধুত্বের সীমা পেরিয়ে মানবতার সেবায় একের পর এক কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে।
ইতোমধ্যেই সংগঠনটি মানবতার সেবায় হাত বাড়িয়ে দিয়ে প্রশংসা কুড়াচ্ছেন। তাদের নানা মানবিক উদ্যোগ মানুষের হৃদয় ছুঁয়েছে। গুনভড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক এক অসহায় শিক্ষার্থীকে স্বাবলম্বী করার লক্ষ্যে দুটি ছাগল প্রদান করেছে। আরেক শিক্ষার্থীর কর্মসংস্থান নিশ্চিত করতে দেওয়া হয়েছে একটি সেলাই মেশিন। দুর্ঘটনায় আহত বন্ধুর কন্যার চিকিৎসা, অসুস্থ বন্ধুর চিকিৎসা ব্যয় এবং আর্থিক সংকটে থাকা এক বান্ধুবীর কন্যার চিকিৎসার জন্যও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সংগঠনটি। এসব সহায়তা পেয়ে খুশি
তারা৷
একজন সুবিধাভোগী আবেগাপ্লুত কণ্ঠে বলেন,
একসময় সংসার চালানোই ছিল আমার জন্য কঠিন সংগ্রাম। বন্ধু সংঘ ০৭ থেকে আমাকে দুটি ছাগল কিনে দেওয়া হয়েছিল। আজ কয়েক বছর পর সেই দুটি ছাগল বেড়ে প্রায় ১০টিতে দাঁড়িয়েছে। এখন সেগুলো দিয়েই আমার সংসার ভালোভাবে চলছে। তাদের এই সহায়তা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে।
শুধু বন্ধুদের মধ্যেই সীমাবদ্ধ নয় তাদের মানবিক কার্যক্রম। গুনভরি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে যেতে সহায়তা করা, সরকারি মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েও অর্থাভাবে অনিশ্চয়তায় থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং বন্যা, শীত কিংবা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সহযোগিতায় এগিয়ে আসাও সংগঠনটির অন্যতম লক্ষ্য।
সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য প্রকৌশলী মোঃ আকতার হোসেন হিমেল বলেন, বিবেকের তাড়না এবং এলাকার অসহায় মানুষের জন্য কিছু করার অদম্য ইচ্ছা থেকেই ‘বন্ধু সংঘ–০০৭’-এর যাত্রা শুরু। আমরা চাই বন্ধুত্বের এই বন্ধন সমাজের কল্যাণে কাজ করুক এবং আরও বেশি মানুষের মুখে হাসি ফোটাক।
তিনি জানান, দেশে ও বিদেশে অবস্থানরত সদস্যদের আন্তরিক সহযোগিতা, স্বচ্ছতা ও পারস্পরিক আস্থার ভিত্তিতেই সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে তাদের।
গত ২৯ মে ২০২৬ তারিখে ‘বন্ধু সংঘ ০৭’ এর তৃতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন মোঃ গোলাম মোস্তাফা সোহাগ ও প্রকৌশলী মোঃ আকতার হোসেন হিমেল। সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ নিজাম উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোছাঃ রোকসানা আকতার।
নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটির মানবিক কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। তাদের বিশ্বাস, বন্ধুত্বের এই শক্তি আগামী দিনে আরও অনেক অসহায়, দুস্থ ও বিপদগ্রস্ত মানুষের জীবনে আশার আলো হয়ে জ্বলবে।
ফুলছড়ি উপজেলা প্রতিনিধি: 








