গাইবান্ধার ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের ভোগান্তি কমানো, জরুরি বিভাগ আরও কার্যকর করা এবং স্বাস্থ্যসেবাকে জনবান্ধব করার বিষয়ে আলোচনা করা হয়।
বৃহস্পতিবার দুপুরে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ। তিনি বলেন, গ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সভায় বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডা. রুহুল আমিন মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন এবং উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবুল খায়ের।
এসময় উপস্থিত ছিলেন,ফুলছড়ি প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান আতিক,ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক,প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গ্রামীণ জনগোষ্ঠীর চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসাস্থল। তাই হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি রোগীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করা, হাসপাতালের পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, ওষুধ সরবরাহ স্বাভাবিক রাখা এবং জরুরি বিভাগের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসক ও জনবল সংকট, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাব, রোগীর অতিরিক্ত চাপ এবং বিভিন্ন অবকাঠামোগত সমস্যার বিষয় তুলে ধরেন। তারা বলেন, সীমিত জনবল ও নানা প্রতিকূলতার মধ্যেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তবে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় জনবল নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং রোগীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি জরুরি।
এ সময় হাসপাতালের সার্বিক উন্নয়ন ও জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তর, জনপ্রতিনিধি ও প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
আমিনুর হক,ফুলছড়ি উপজেলা প্রতিনিধি : 








